সামাজিক বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের শাপলা প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশে যে রাজনৈতিক ও সামাজিক কাঠামো গড়ে উঠেছে তা বৈষম্যের ওপর দাঁড়িয়ে আছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে তিনি এই বৈষম্যের বিরুদ্ধে জনগণের ঐতিহাসিক প্রতিরোধ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরোনো অন্যায্য ব্যবস্থার পরিবর্তে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
তিনি অভিযোগ করেন, পুরোনো ব্যবস্থার সুবিধাভোগী একটি গোষ্ঠী আবারও দুর্নীতি ও বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে সক্রিয় হয়েছে। এ অবস্থায় ঘুষ, দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতি বন্ধ করে অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
পররাষ্ট্রনীতির বিষয়ে নাহিদ ইসলাম স্বাধীন ও মর্যাদাপূর্ণ কূটনৈতিক অবস্থান গ্রহণের কথা বলেন। প্রতিবেশী দেশসহ সকল রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।
তার ভাষণে বিচার বিভাগ সংস্কার, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, সংখ্যালঘুদের অধিকার রক্ষা, নারীর সমঅধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্নীতি বন্ধ এবং কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করা হয়।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা সিন্ডিকেট ভেঙে দেয়া এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের নিরাপত্তা নিশ্চিতকারী একটি গণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও তুলে ধরেন নাহিদ ইসলাম।
Ekhoni News