মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ফেড গভর্নর কেভিন ওয়ার্শকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি কেভিন ওয়ার্শকে একজন অভিজ্ঞ ও দক্ষ অর্থনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে ফেডারেল রিজার্ভ আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদী।
৫৫ বছর বয়সী কেভিন ওয়ার্শ বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউশনে ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে ২০০৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি ফেডারেল রিজার্ভের গভর্নর হিসেবে যোগ দিয়ে সর্বকনিষ্ঠ গভর্নরের রেকর্ড গড়েন।
জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় হোয়াইট হাউসে অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেভিন ওয়ার্শ।
বিশ্লেষকদের মতে, তার অভিজ্ঞতা ও নীতিগত অবস্থান ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি ও আর্থিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
Ekhoni News