ঢাকা | বঙ্গাব্দ

খামেনির ছেলের বিরুদ্ধে বিদেশে শত কোটি ডলারের সম্পত্তি সাম্রাজ্যের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 46
খামেনির ছেলের বিরুদ্ধে বিদেশে শত কোটি ডলারের সম্পত্তি সাম্রাজ্যের অভিযোগ ছবির ক্যাপশন : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার ছেলে মোজতবা খামেনি (ফাইল ছবি)
ad728

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনির বিরুদ্ধে বিদেশে বিপুল অঙ্কের গোপন সম্পত্তির সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের দীর্ঘ এক বছরের অনুসন্ধানে এসব চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি বিভিন্ন মধ্যস্থতাকারী ও শেল কোম্পানির মাধ্যমে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিলাসবহুল রিয়েল এস্টেট সম্পত্তির নিয়ন্ত্রণ করছেন। যদিও এসব সম্পত্তি সরাসরি তার নামে নিবন্ধিত নয়, তবে ২০১১ সাল থেকেই তিনি এসব লেনদেনে সক্রিয় ভূমিকা রাখছেন বলে দাবি করেছে ব্লুমবার্গ।

অনুসন্ধানে উঠে এসেছে, লন্ডনে ১৩৮ মিলিয়ন ডলারের বেশি মূল্যের একাধিক বিলাসবহুল ভবন, যার মধ্যে ২০১৪ সালে কেনা প্রায় ৪৬.৫ মিলিয়ন ডলারের একটি সম্পত্তিও রয়েছে। এছাড়া দুবাইয়ের অভিজাত এলাকায় একটি ভিলা, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং স্পেনের মায়োরকায় উচ্চমানের হোটেল সম্পত্তির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্লুমবার্গের দাবি অনুযায়ী, ইরানি তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের ব্যাংকের মাধ্যমে শেল কোম্পানি ব্যবহার করে স্থানান্তর করা হয়েছে। এই অর্থপ্রবাহে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে জিবা লেজার লিমিটেড, বার্চ ভেঞ্চারস লিমিটেডসহ একাধিক কোম্পানির নাম উঠে এসেছে, যেগুলোর মাধ্যমে এসব সম্পত্তি কেনাবেচা করা হয়েছে।

এই লেনদেনের সঙ্গে ইরানি ব্যাংকার আলি আনসারির নামও জড়িত বলে দাবি করা হয়েছে। তাকে অনেক ক্ষেত্রে সম্পত্তির মালিক বা পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য সরকার আনসারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও আনসারি মোজতবা খামেনির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন।

এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানে আলি আনসারির বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীকে আর্থিক সহায়তার অভিযোগ ওঠে। একই প্রতিবেদনে ইউরোপজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো মূল্যের সম্পত্তির মালিকানার তথ্যও প্রকাশ করা হয়, যার মধ্যে রয়েছে স্পেনের একটি গলফ রিসোর্ট এবং অস্ট্রিয়ার একটি স্কি হোটেল।

এই অভিযোগগুলো ইরানের শাসকগোষ্ঠীর আর্থিক স্বচ্ছতা ও ক্ষমতাধর ব্যক্তিদের বিদেশে সম্পদ স্থানান্তরের বিষয়ে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে