নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার-৬ পর্বের শেষ ম্যাচে ৭ উইকেটের জয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল বাঘিনীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। শুরুতেই চাপে পড়ে যায় ডাচরা। ২৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। পরে সানিয়া খুরানা ও রবিন রিজকি দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৮ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন। নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১০২ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন নাহিদা আক্তার। তিনি একাই নেন ৩ উইকেট। এছাড়া মারুফা আক্তার, রাবেয়া খাতুন ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট শিকার করেন।
১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিং করে বাংলাদেশ। ১৬ ওভার ৪ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৪ বলে অপরাজিত ৫০ রান করে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গে ২৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সোবহানা মোস্তারি।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন নাহিদা আক্তার, যিনি ১০ রানে ৩ উইকেট নেন।
উল্লেখ্য, আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Ekhoni News