Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : ঈদের আগে পোশাক কারখানায় বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

ঈদের আগে পোশাক কারখানায় বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব পোশাক কারখানাকে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে শ্রমিকদের পাওনা বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা যেন উৎসবের সময় কোনো আর্থিক সংকটে না পড়েন এবং স্বস্তির সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারেন—সেই বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মানুষের যাতায়াত বাড়বে। তাই ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক ও নিরাপদ হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, কৃচ্ছসাধনের অংশ হিসেবে এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে দিবসটির কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF