Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে বিক্ষোভ, সংঘর্ষে ৯ নিহত

করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে বিক্ষোভ, সংঘর্ষে ৯ নিহত

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) মাই কোলাচি সড়ক এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ সাবির মেমন জানিয়েছেন, সংঘর্ষে নিহতদের সবাই পুরুষ এবং অন্তত ৩২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে সরকারি হিসেবে নিহতের সংখ্যা ৬ জন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরের প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

ঘটনার পর সিন্ধ প্রাদেশিক সরকার এক বিবৃতিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তে একটি উচ্চপর্যায়ের যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়েছে। এই তদন্ত দল সংঘর্ষের পেছনের কারণ, পরিস্থিতি এবং দায়ীদের চিহ্নিত করবে বলে জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার সবার আছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া, ভাঙচুর বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে মতপ্রকাশের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF