Logo
প্রিন্টের তারিখ: 14 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : দলীয় পরিচয়ে চাঁদাবাজি নয়, কঠোর বার্তা ববি হাজ্জাজের

দলীয় পরিচয়ে চাঁদাবাজি নয়, কঠোর বার্তা ববি হাজ্জাজের

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি স্পষ্টভাবে বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি বা অপরাধের সুযোগ দেওয়া হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

এ সময় ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনো বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার আগে নানা বাধা ও চাপের মুখোমুখি হতে হয়েছে। প্রতিপক্ষ পক্ষ থেকে কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছিল। এ ধরনের সহিংসতার বিচার আইনের আওতায় আনা হবে এবং প্রতিটি আহত কর্মীর ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগের কথাও জানান তিনি। সেনা ক্যাম্প প্রত্যাহারের পর স্থানীয় পুলিশকে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নেওয়া হবে। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় পুলিশ ক্যাম্প স্থাপন, ২০টি পুলিশ বক্স এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানান ববি হাজ্জাজ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF