Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ নিতে কেন্দ্রীয় হটলাইন চালু করল জামায়াত

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ নিতে কেন্দ্রীয় হটলাইন চালু করল জামায়াত

নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা রাজনৈতিক হয়রানির অভিযোগ সংগ্রহ করতে কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিশেষ করে জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী বা ভিন্নমতাবলম্বী নাগরিকদের ওপর কোনো ধরনের সহিংসতা ঘটলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হচ্ছে।

অভিযোগ গ্রহণ ও যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য চালু করা হটলাইন নম্বরটি হলো— ০৯৬৩৯-১১১৪৪৪। অভিযোগ জানানোর সময় নাম, পরিচয় বা দায়িত্ব, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট সংসদীয় আসন, অভিযোগের ধরন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করতে বলা হয়েছে। তিনি আশ্বাস দেন, প্রাপ্ত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশ-বিদেশের গণমাধ্যমের সামনে বিষয়গুলো তুলে ধরা হবে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF