Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারতের ৭ রাজ্যের সীমান্তে কড়া নিরাপত্তা, তিন দিন বন্ধ বাণিজ্য

বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারতের ৭ রাজ্যের সীমান্তে কড়া নিরাপত্তা, তিন দিন বন্ধ বাণিজ্য

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। সীমান্তবর্তী সাতটি রাজ্যে বিএসএফ এবং স্থানীয় পুলিশ প্রশাসন যৌথভাবে কঠোর নজরদারি চালাচ্ছে, যাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ভারতের অভ্যন্তরে ছড়িয়ে না পড়ে।

মঙ্গলবার সকাল থেকে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় হোটেল, জনবহুল স্থান এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যানবাহনে বিশেষ চেকিং চলছে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তেঁতুলিয়া কংক্রিট ব্রিজ সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এদিকে ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের পশুপতি ফটকেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। সীমান্ত পারাপারের ক্ষেত্রে ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। আগে আধার বা প্যান কার্ড দিয়েও যাতায়াত সম্ভব ছিল। বর্তমানে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র সীমা বল (এসএসবি) অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশের নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বন্দর কার্যক্রম স্থগিত থাকবে। প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী যান এই বন্দর দিয়ে যাতায়াত করলেও নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বাণিজ্য স্থগিত রাখা হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এই তিন দিনের বন্ধে সীমান্তবর্তী বাণিজ্যিক এলাকায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF