রাজধানীর পূর্বাচল নীলা মার্কেটে ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরের দিকে মার্কেট এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দোকানে থাকা মালামাল মুহূর্তেই আগুনে পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলোতে থাকা প্রায় সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, এই ঘটনায় তাদের প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে তারা এখন দিশেহারা অবস্থায় রয়েছেন।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃপক্ষ জানায়, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।