Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বিজিবি প্রস্তুত: মহাপরিচালক

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বিজিবি প্রস্তুত: মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে তিনি সাতক্ষীরার শ্যামনগর এবং চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে পৃথক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় এবং ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, একটি পেশাদার ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বিজিবি। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া ঝুঁকি বিবেচনায় ৩০০টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবি কাজ করছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স, র‍্যাপিড অ্যাকশন টিম, কুকুর স্কোয়াড, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মহাপরিচালক নির্দেশ দেন, ভোটের আগের দিনগুলোতে টহল জোরদার করতে এবং যেকোনো নাশকতা শক্তভাবে মোকাবিলা করতে। তিনি সকল সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF