টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই নাটকীয় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারায় তারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত ওভারে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায়। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাস ডি লিড যোগ করেন ৩০ রান।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা, তিনি নেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পান শাহিন শাহ আফ্রিদি।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করলেও মাঝপথে চাপে পড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন সাহেবজাদা ফারহান। ম্যাচ যখন হাতছাড়া হওয়ার পথে, তখনই ব্যাট হাতে ঝড় তোলেন ফাহিম আশরাফ। মাত্র ১১ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
আগামী ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।