Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু, ২৭ দিন লড়াই শেষে নিভে গেল জীবন

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু, ২৭ দিন লড়াই শেষে নিভে গেল জীবন

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (৯) অবশেষে মারা গেছে। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ ২৭ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

গত ১১ জানুয়ারি সকালে রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকেরা জানান, গুলিটি তার মস্তিষ্কে ঢুকে যায়, যা তার অবস্থা সংকটাপন্ন করে তোলে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় হুজাইফা। একই ঘটনায় আরও দুজন আহত হন। এ ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF