সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে বিমান চলাচল অব্যাহত রাখা দেশের প্রবাসীদের দীর্ঘদিনের অরাজনৈতিক দাবি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে এই রুট নিয়মিত চালু রাখার পাশাপাশি বিশেষ প্যাকেজের মাধ্যমে টিকিটের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানানো হয়।
হুমায়ুন কবির বলেন, এই ফ্লাইট কোনো রাজনৈতিক ইস্যু নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত। সিলেট অঞ্চলের মানুষের জন্য এই রুট পারিবারিক যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবিও জানান।
এর আগে, রুটটি পর্যাপ্ত লাভজনক না হওয়ায় আগামী ১ মার্চ থেকে সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে যুক্তরাজ্য বিএনপি নেতাদের সঙ্গে আলোচনার পর আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি।