Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : নেপালকে উড়িয়ে বাংলাদেশের মেয়েরা, ফাইনালে আবারও ভারতের মুখোমুখি

নেপালকে উড়িয়ে বাংলাদেশের মেয়েরা, ফাইনালে আবারও ভারতের মুখোমুখি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিকে প্রতিমা মুন্ডার গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধের যোগ করা সময়ে আলপি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলপি। এরপর ৮২ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। তার দাপুটে পারফরম্যান্সে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় দলের।

হ্যাটট্রিকের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আলপি আক্তার। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বয়সভিত্তিক সাফ আসরে এর আগে পাঁচবার শিরোপা জিতেছে বাংলাদেশ, যার মধ্যে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে রয়েছে দুইটি শিরোপা। এবার সেই সাফল্যে নতুন অধ্যায় যোগ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেয়েরা।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF