ইসলামি ইতিহাস ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নির্মিত কিছু চলচ্চিত্র কেবল গল্প বলেই থেমে থাকে না; বরং দর্শককে নিয়ে যায় বিশ্বাস, সংগ্রাম এবং আত্মিক উপলব্ধির গভীরে। বিশ্ব সিনেমায় এমন কিছু কাজ আছে, যেগুলো ইসলামের সূচনা, প্রতিরোধের ইতিহাস এবং মানবিক দর্শনকে সম্মানজনকভাবে তুলে ধরেছে। এখানে এমনই পাঁচটি উল্লেখযোগ্য সিনেমা তুলে ধরা হলো।
ইসলামভিত্তিক সিনেমার আলোচনায় দ্য মেসেজ একটি ঐতিহাসিক মাইলফলক। পরিচালক মুস্তাফা আক্কাদের এই চলচ্চিত্রে ইসলামের প্রারম্ভিক যুগ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সময়কার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। নবীজির সরাসরি চিত্রায়ন এড়িয়ে পারিপার্শ্বিক চরিত্রের মাধ্যমে ইসলামের শিক্ষা ও বার্তা উপস্থাপন করা হয়েছে। অ্যান্থনি কুইনসহ আন্তর্জাতিক মানের অভিনেতাদের উপস্থিতি সিনেমাটিকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। আজও এটি ইসলামের ইতিহাস জানার অন্যতম গুরুত্বপূর্ণ ভিজ্যুয়াল দলিল।
লিবিয়ার স্বাধীনতা সংগ্রামের প্রতীক ওমর মুখতারের জীবনভিত্তিক এই চলচ্চিত্রটি রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। ইতালীয় ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার প্রতিরোধ আন্দোলনকে কেন্দ্র করে গল্প এগোয়। মুস্তাফা আক্কাদের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অ্যান্থনি কুইনের অভিনয় কিংবদন্তি হয়ে আছে। এটি কেবল যুদ্ধের গল্প নয়—বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতার সংগ্রামের কাহিনি।
ইরানি পরিচালক মাজিদ মাজিদির নির্মিত এই সিনেমা সপ্তম শতকের মক্কার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে। মহানবী (সা.)-এর শৈশবকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করা হয়েছে। ভিজ্যুয়াল সৌন্দর্য, সঙ্গীত ও আবেগঘন বর্ণনা মিলিয়ে সিনেমাটি ইসলামের শুরুর সময় সম্পর্কে দর্শকদের নতুনভাবে ভাবতে শেখায়।
মাজিদ মাজিদির আরেকটি মানবিক চলচ্চিত্র, যেখানে একটি অন্ধ শিশুর জীবনের মাধ্যমে বিশ্বাস ও ভালোবাসার গভীর অর্থ ফুটে ওঠে। বাবা-ছেলের সম্পর্ক, দারিদ্র্য, আত্মসংঘাত এবং আল্লাহর প্রতি আস্থার সূক্ষ্ম প্রকাশ সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে। এটি ইসলামের নৈতিক শিক্ষা ও মানবিক সৌন্দর্যের হৃদয়ছোঁয়া উপস্থাপন।
অটোমান সাম্রাজ্যের ইতিহাসে কনস্টান্টিনোপল বিজয় একটি যুগান্তকারী ঘটনা। সেই বিজয়কে কেন্দ্র করে নির্মিত তুর্কি এই মহাকাব্যিক সিনেমায় সুলতান দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্ব, কৌশল এবং দৃঢ় সংকল্প তুলে ধরা হয়েছে। যুদ্ধ, রাজনীতি এবং ইতিহাস মিলিয়ে এটি ইসলামের সামরিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক ভিজ্যুয়াল পুনর্নির্মাণ।