Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : ঢাকা-৮ কে মাদকমুক্ত করার ঘোষণা পাটওয়ারীর, নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ

ঢাকা-৮ কে মাদকমুক্ত করার ঘোষণা পাটওয়ারীর, নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ

ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে সমাজকে অস্থিতিশীল করা হচ্ছে এবং এ প্রবণতা বন্ধ করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যে পাটওয়ারী বলেন, তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক। তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন, কেউ যেন মাদকের পথে না যায় এবং কর্মীদের মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান নেতাদের প্রতি।

অনলাইন গেমস প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, নতুন প্রজন্ম বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাঁর মতে, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক বাণিজ্যের বিরুদ্ধে প্রতিরোধ এখন বিভিন্ন স্তরে গড়ে উঠছে।

নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার অভিযোগও তোলেন পাটওয়ারী। তিনি বলেন, তাদের পোস্টার ও ব্যানার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত বিলবোর্ড টানানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসব অর্থের উৎস নিয়ে স্বচ্ছতা দাবি করেন।

পাটওয়ারী আরও অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, জনগণের অনুদানে সীমিত ব্যানার-পোস্টার ব্যবহার করেও তাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নারীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। নির্বাচনকে সুষ্ঠু রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি এবং সহিংসতা পরিহারের উপর জোর দেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF