রাশিয়ার কাছ থেকে তেল আমদানি কমানোর বিষয়ে ভারতের সম্মতির পর দেশটির পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপের পর ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে।
ট্রাম্প দাবি করেন, রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কেনার বিষয়ে ভারত নীতিগতভাবে রাজি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি, কৃষিপণ্য ও প্রযুক্তি কেনার বিষয়েও আলোচনা হয়েছে। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তবে এর আগে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। গত আগস্টে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগ তুলে ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন, ফলে মোট শুল্কের হার ৫০ শতাংশে পৌঁছায়।
নতুন সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।