চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনস–এর আদলে তৈরি একটি ব্যানার নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। ব্যানারটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নগরের হালিশহর ও চকবাজার এলাকায় এই ব্যানার চোখে পড়ে। মূল সিরিজের বিখ্যাত চরিত্র জন স্নোর স্থানে বসানো হয়েছে জামায়াত আমিরের ছবি। তলোয়ারের পরিবর্তে তার হাতে প্রতীকী দাঁড়িপাল্লা দেখানো হয়েছে। ব্যানারের পটভূমিতে তুষারপাত ও নেকড়ের চিত্র ব্যবহার করা হয়েছে, যা সিরিজটির ভিজ্যুয়াল স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ব্যানারের নিচে “দাদু ফ্যান ক্লাব সিটিজি” নামটি লেখা রয়েছে। একই নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গ্রুপও সক্রিয় রয়েছে।
জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির শফিকুর রহমানের কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে, যা ঘিরেই এই ব্যানার টানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।