জনতা ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১৩৬ কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। সেখানে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন এবং সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি তদন্ত টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের অনুসন্ধানে অভিযোগ ওঠে, বেক্সিমকো গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যাক-টু-ব্যাক এলসি ও বিবি এলসির মাধ্যমে কাগুজে আমদানি-রফতানির তথ্য দেখিয়ে তথাকথিত ‘অ্যাকোমোডেশন বিল’ তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় ১৫ লাখের বেশি মার্কিন ডলারের রফতানি আয় দেশে না এনে মোট প্রায় ১ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি টাকার সমান।
বর্তমানে সালমান এফ রহমান রামপুরা ও মতিঝিল থানায় দায়ের করা মোট ১৮টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।