ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে প্রায় সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন দেশটির এক সিনিয়র সরকারি কর্মকর্তা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সহিংসতা দমন এবং বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দাবি করেন, অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য করার নির্দেশ ছিল না—সাধারণ নাগরিক, বিক্ষোভকারী বা সন্দেহভাজন ব্যক্তি—সবাই একই ঝুঁকির মধ্যে ছিল।
সরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার বলা হলেও, ইরান ইন্টারন্যাশনাল অভ্যন্তরীণ নথি ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা ৩৬ হাজার ৫০০-এর বেশি হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই দমন অভিযানের নির্দেশ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদনেই কার্যকর করা হয়েছিল।
বিক্ষোভ দমনে ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), বাসিজ মিলিশিয়া এবং কুদস ফোর্স সংশ্লিষ্ট ইউনিট অংশ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ ইউনিটও অভিযানে যুক্ত ছিল বলে দাবি করা হয়। এসব সদস্যের একটি অংশ চেচনিয়া, ইরাক, পাকিস্তান ও সুদান থেকে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।