Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : নির্বাচনে সন্ত্রাস ঠেকাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনে সন্ত্রাস ঠেকাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনকে কেন্দ্র করে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তার সমান জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে প্রতিরোধের আগে প্রশাসনকে অবহিত করার পরামর্শও দিয়েছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীবরদী উপজেলার জামায়াতের সেক্রেটারি রেজাউল হত্যার প্রসঙ্গ টেনে জামায়াত আমির অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই একজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, যা উদ্বেগজনক। মানুষের নিরাপত্তা দেওয়ার নামে হত্যার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে মায়েদের অসম্মান করা হচ্ছে, যা অমানবিক। পরিবারকে সম্মান করতে শেখলে পুরো জাতির নারীদের সম্মান করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কেউ যদি সন্ত্রাসের পথ বেছে নেয়, জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আগে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন দায়িত্ব পালন না করলে আত্মরক্ষার অধিকার জনগণের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণদের হাতে তুলে দিতে চায় জামায়াত। বৈষম্য, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিজের হ্যাক হওয়া এক্স (টুইটার) অ্যাকাউন্ট নিয়ে তিনি দাবি করেন, তার নামে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য ছড়ানো হয়েছে। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং সারাদেশে রেল যোগাযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেন দলটির আমির।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF