আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, নির্বাচনকালীন সহিংসতা রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে বিদেশি মহলকে অবহিত করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন বিষয়ক কূটনৈতিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ ও মন্তব্য এখন একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে, যা দেশের জনগণের কাছেও অস্বাভাবিক কিছু নয়।
তিনি আরও জানান, কয়েকজন উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেতে এবং প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধার্থে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে তিনি নিজে এখনো তার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি।
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলেও জানান তৌহিদ হোসেন।