Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ৭ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তান

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ৭ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। শনিবার (৩১ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই একটি উইকেট হারালেও অধিনায়ক সালমান আলি আগার ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত ঘুরে দাঁড়ায় দল। মাত্র ৪০ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে উসমান খান কার্যকর ভূমিকা রেখে ৩৬ বলে মূল্যবান রান যোগ করেন। নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৮ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে টিকতে না পেরে মাত্র ১০৮ রানেই অলআউট হয় সফরকারীরা। আবরার আহমেদ ও সাদাব খান দুজনই তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া উসমান তারিক নেন দুটি এবং সাইম আইয়ুব একটি উইকেট।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ক্যামেরন গ্রিন।
এই জয়টি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানের জয়। এর আগে ২০১২ সালে দুবাইয়ে ৯৪ রানে জয় পেয়েছিলো পাকিস্তান।

এই ম্যাচ জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF