মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানকে ঘিরে সামরিক আশঙ্কার মধ্যে ইসরায়েল ও সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে দুই মিত্র দেশকে সামরিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের কাছে প্রায় ৬ দশমিক ৬৭ বিলিয়ন ডলার এবং সৌদি আরবের কাছে প্রায় ৯ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করা হবে। এ সংক্রান্ত অনুমোদনের বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অবহিত করা হয়েছে।
সৌদি আরবের জন্য বরাদ্দকৃত অস্ত্র প্যাকেজে রয়েছে ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম। অপরদিকে, ইসরায়েলের জন্য নির্ধারিত প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, ৩ হাজার ২৫০টি কৌশলগত যানবাহন এবং বিভিন্ন আধুনিক সমরাস্ত্র।
বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঠেকাতেই যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্রদের কাছে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।