পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে চলতি মৌসুমে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ কার্যক্রম শেষ হয়েছে। শনিবার, ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা এই প্রবাল দ্বীপে ভ্রমণের সুযোগ পেয়েছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। ফলে নির্ধারিত সময়ের পর দ্বীপটিতে পর্যটন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ, প্রবাল, সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পর্যটক ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সরকার। এসব নিয়মের আওতায় প্রতি বছর নির্দিষ্ট সময় পর্যন্তই পর্যটকদের দ্বীপটিতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়।
সবকিছু অনুকূলে থাকলে আগামী পর্যটন মৌসুমে পুনরায় পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।