Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : বেকার ভাতা নয়, সম্মানের কাজ চান যুবসমাজ: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেকার ভাতা নয়, সম্মানের কাজ চান যুবসমাজ: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেকার ভাতা প্রদানের প্রস্তাবকে যুবসমাজের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, যারা বেকার ভাতা দেওয়ার কথা বলছে, তারা প্রকৃতপক্ষে যুবসমাজের মর্যাদা ক্ষুণ্ন করতে চায়।

তিনি বলেন, “যুবসমাজ কখনোই ভিক্ষা চায়নি। তারা ন্যায্যতা ও সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ চেয়েছে। আমরা যুবসমাজের হাতে অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, বরং সম্মানের কর্মসংস্থান তুলে দেব।”

জামায়াতে ইসলামীকে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ দল হিসেবে আখ্যা দেওয়ার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অতীত নিয়ে নানা অপবাদ দেওয়া হয়, কিন্তু যারা নিজেরাই দীর্ঘদিন জনগণের কাছ থেকে আড়ালে ছিল, তারাই আজ এসব অভিযোগ করছে। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের অবস্থান পর্যালোচনা করার আহ্বান জানান তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছিল জামায়াতে ইসলামী। এতে জাতীয় সংসদ নির্বাচন আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান পরিবর্তনের সমালোচনা করে বলেন, জনগণ এখন স্পষ্ট জবাব চায়—নতুন বাংলাদেশ নাকি পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থাই তারা চায়।

জনসভায় তিনি পরিবর্তনের পক্ষে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, এটাই আগামীর বাংলাদেশের পথ।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF