Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : জনসম্পৃক্ততা ছাড়া নির্বাচনে বিজয় সম্ভব নয়: তারেক রহমান

জনসম্পৃক্ততা ছাড়া নির্বাচনে বিজয় সম্ভব নয়: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হলে নির্বাচনে বিজয়ের আশা করা যায় না। তিনি বলেন, বসে থাকলে চলবে না—ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে এই সভায় অংশ নেন তারেক রহমান।

সভায় কয়েকজন নেতা বগুড়ায় বিএনপির শক্ত অবস্থানের কথা উল্লেখ করে বিপুল ভোটে জয়ের সম্ভাবনার কথা তুলে ধরলে, তারেক রহমান সেই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না। সবার কাছে যেতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে।”

তিনি আরও বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয় যত বড় হবে, জনগণের রায়ের প্রতিফলন ততই দৃঢ়ভাবে প্রকাশ পাবে।

সারাদেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কারণে নিজ এলাকায় পর্যাপ্ত সময় দিতে না পারার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতে বহুবার বগুড়ায় এসেছি, এবার প্রার্থী হিসেবে এসেছি। তবে আমার নির্বাচনের দায়িত্ব আপনাদের। বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি—এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম।

সকাল ১১টায় শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের অভাব-অভিযোগ শোনেন এবং তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সভা শেষে সিরাজগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা হলে পথের দুই পাশে হাজারো মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় করেন। এ সময় শাজাহানপুর ও শেরপুর মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF