আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আগের নির্বাচনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের ৭ জানুয়ারির সাধারণ নির্বাচনের তুলনায় এবার পর্যবেক্ষকের সংখ্যা দ্বিগুণেরও বেশি।
আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যক্রমে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটসহ মোট ছয়টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। এসব সংস্থা থেকে অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠানো হচ্ছে। পাশাপাশি ১৬টি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট আরও ৩২ জন ব্যক্তি ব্যক্তিগত পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
ওআইসি নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্র জানায়, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্সসহ কয়েকটি দেশ এখনও তাদের প্রতিনিধি তালিকা চূড়ান্ত করেনি। এসব দেশের নাম নিশ্চিত হলে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।
এবারের নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।