Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : গাজা সংকট নিয়ে সরব পেপ গার্দিওলা: “ফিলিস্তিনি শিশুদের আমরা ভুলে গেছি”

গাজা সংকট নিয়ে সরব পেপ গার্দিওলা: “ফিলিস্তিনি শিশুদের আমরা ভুলে গেছি”

বার্সেলোনায় আয়োজিত এক চ্যারিটি কনসার্টে গাজায় চলমান মানবিক সংকট নিয়ে স্পষ্ট ও আবেগী কণ্ঠে কথা বলেছেন ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলা। প্রায় ১২ হাজার দর্শকের সামনে তিনি ফিলিস্তিনি শিশুদের দুর্দশার কথা তুলে ধরে বিশ্ব বিবেকের নীরবতার দিকে আঙুল তোলেন।

কালো-সাদা ফিলিস্তিনি কেফিয়াহ পরিধান করে আরবি ভাষায় শুভেচ্ছা জানিয়ে গার্দিওলা বলেন, গত দুই বছর ধরে তিনি একই ধরনের হৃদয়বিদারক দৃশ্য দেখছেন—ধ্বংসস্তূপের মধ্যে সন্তানদের মাকে খোঁজার চেষ্টা, আহত ও আতঙ্কিত শিশুদের কান্না।

তিনি বলেন, “এই শিশুদের আমরা একা ফেলে দিয়েছি। বিশ্ব যেন তাদের কষ্টের দিকে চোখ বন্ধ করে রেখেছে।”
বিশ্ব নেতাদের নীরবতা ও সিদ্ধান্তহীনতার সমালোচনা করে গার্দিওলা জানান, এই বিষয়টি কোনো রাজনৈতিক পক্ষের নয়, বরং এটি মানবতার প্রশ্ন।

কনসার্টে লিনা মাকুল, রোসালিয়া, আনা তিজু ও ব্যাড গিয়ালের মতো প্রায় ৩০ জন শিল্পী অংশ নেন। আয়োজনটি সঙ্গীত, প্রতিবাদ ও মানবিক সংহতির এক ব্যতিক্রমী মঞ্চে পরিণত হয়।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ জয়ের পরদিনই এই অনুষ্ঠানে যোগ দেন গার্দিওলা। রাজনৈতিক সমাধানের প্রস্তাব না দিয়ে তিনি মানবিক মূল্যবোধ ও সহানুভূতির গুরুত্বের ওপর জোর দেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF