রংপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের ঘর থেকে বেরিয়ে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে বরাবরই খোলামেলা অবস্থান নিয়েছে। যেসব বিষয়ে মতভেদ রয়েছে, তা প্রকাশ্যেই তুলে ধরা হয়েছে। তিনি স্বাক্ষরিত জুলাই সনদের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
রংপুর অঞ্চল সম্পর্কে তিনি বলেন, এই বিভাগটি অত্যন্ত সম্ভাবনাময়। সঠিক নেতৃত্ব ও যোগ্য ব্যক্তির মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব। তিনি জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের ত্যাগের প্রকৃত মূল্যায়ন করা যাবে।
বিএনপি সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েও তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
এছাড়া তিনি দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরে বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বিএনপিই দেশকে দুর্নীতির কবল থেকে মুক্ত করতে সক্ষম। তিনি দলের বিরুদ্ধে অপপ্রচারের সমালোচনা করেন এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।