Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : হাতিয়ায় ফেরি উদ্বোধন ঘিরে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১০

হাতিয়ায় ফেরি উদ্বোধন ঘিরে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১০

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে নতুন ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এ সেবার উদ্বোধন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর ফেরি চালু হওয়ার পেছনে অবদান নিয়ে উভয় দলের কর্মীরা আলাদাভাবে স্লোগান দিতে থাকেন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান থেকে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর নৌবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। তবে সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় থানা, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ।

অন্যদিকে বিএনপিও পাল্টা অভিযোগ করে জানায়, তাদের নেতাকর্মীদের ওপর হামলার জন্য এনসিপিই দায়ী।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF