Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : এক স্বৈরাচার সরিয়ে আরেক স্বৈরাচার প্রতিষ্ঠা নয়: নাহিদ ইসলাম

এক স্বৈরাচার সরিয়ে আরেক স্বৈরাচার প্রতিষ্ঠা নয়: নাহিদ ইসলাম

এক স্বৈরাচারী শাসনকে সরিয়ে আরেক স্বৈরাচার কায়েম করার রাজনীতি দেশবাসী মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালে এনসিপি ও এগারো দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল জাতির সঙ্গে প্রতারণা করে প্রকৃত সংস্কার থেকে সরে যাচ্ছে। দেশের সম্পদ লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে আরও দুর্বল করার পরিকল্পনা চলছে। তিনি বলেন, দেশের অর্থনীতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের রাজনীতি দেশের সম্ভাবনাকে ধ্বংস করছে। এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিএনপির রাজনীতির বিভিন্ন দিকের সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলি প্রতীকের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি নরসিংদীসহ সারাদেশে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যারা আবার পুরোনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

এসময় নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF