Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি

রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার করতে বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে তরুণদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন। সেখানে তিনি আগামীর বাংলাদেশ, রাজনৈতিক অংশগ্রহণ এবং তরুণ সমাজের প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন।

পরবর্তীতে বিকেলে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এই সফরকে ঘিরে রাজশাহী বিভাগজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও দলীয় পোস্টারে সাজানো হয়েছে। দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর রাজশাহী সফরে যাচ্ছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালে তিনি রাজশাহী সফর করেছিলেন, সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF