ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ আত্মঘাতী অভিযানের জন্য স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, গোষ্ঠীটির একাধিক সদস্য সাদা কাফনের কাপড় পরে স্বেচ্ছাসেবক ফর্মে স্বাক্ষর করছেন। সংগঠনটির পক্ষ থেকে এই পদক্ষেপকে সম্ভাব্য আত্মঘাতী অভিযানের প্রস্তুতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তারা ইরানের পক্ষে সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত। এর আগে এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহর মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধকে তারা পুরো অঞ্চলের জন্য বড় সংঘাত হিসেবে দেখছেন।
তিনি আরও দাবি করেন, এই পরিস্থিতি ‘সত্য ও মিথ্যার শক্তির’ মধ্যে একটি নতুন লড়াইয়ের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই উত্তেজনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
কাতাইব হিজবুল্লাহ ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের অংশ এবং ইরানঘনিষ্ঠ একটি শক্তিশালী গোষ্ঠী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র ২০০৯ সালে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
এদিকে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ওই অঞ্চলে পৌঁছেছে। এই রণতরীতে রয়েছে আধুনিক যুদ্ধবিমান ও হাজারো নৌসদস্য।
অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানের এঙ্গেলাব স্কয়ারে নতুন একটি দেয়ালচিত্র উন্মোচন করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক হামলা থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে এবং ইরানঘনিষ্ঠ গোষ্ঠীগুলো আগাম প্রস্তুতি নিচ্ছে।