Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি ডুবে নিহত ১৮, নিখোঁজ বহু

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি ডুবে নিহত ১৮, নিখোঁজ বহু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রীবাহী একটি ফেরি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কোস্ট গার্ড। একই সঙ্গে এখনও অন্তত ২৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডুবে যাওয়া ফেরিটির নাম ‘ত্রিশা কেরস্টিন ৩’। এটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও অঞ্চলের জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল। ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই মধ্যরাতের পর ফেরিটি হঠাৎ যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। ওই সময় আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকায় দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটিকেই প্রাথমিক কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। এখন পর্যন্ত ৩১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফিলিপাইনে নৌযান দুর্ঘটনা নতুন নয়। দেশটিতে প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং নিরাপত্তা ত্রুটির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF