Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারে পুলিশের ওপর হামলা, আহত ৪

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারে পুলিশের ওপর হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে লক্ষ্য ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ।

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল এবং কনস্টেবল হোসেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোলাপকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালাতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করেন। এ সময় পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপের বিরুদ্ধে ২০১৪ সালে একটি জামায়াত কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। দীর্ঘ সময় পর ২০২৪ সালের নভেম্বরে মামলাটি পুনরায় সক্রিয় হয়।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF