Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : ভোটকেন্দ্রের বাইরে ভোট গণনা নিষিদ্ধ: নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা

ভোটকেন্দ্রের বাইরে ভোট গণনা নিষিদ্ধ: নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়ায় নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ভোটকেন্দ্রের বাইরে অন্য কোথাও ভোট গণনা করা যাবে না। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনার সম্পূর্ণ কার্যক্রম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রেই সম্পন্ন করতে হবে।

এছাড়া, একটি ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে। ইসি মনে করছে, এই সিদ্ধান্ত ভোট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।

ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের সুবিধার্থে প্রতিটি ভোটকক্ষের সঙ্গে যতদূর সম্ভব দুটি গোপনকক্ষ (মার্কিং প্লেস) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে অতিরিক্ত গোপনকক্ষ স্থাপন সম্ভব নয়, সেখানে বিকল্প হিসেবে অতিরিক্ত ভোটকক্ষ স্থাপন করে ভোটগ্রহণ পরিচালনার নির্দেশ দিয়েছে কমিশন।

আরও জানানো হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থকদের পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না। এই নির্দেশনার মাধ্যমে ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এই কঠোর নির্দেশনা নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা, স্বচ্ছতা এবং ভোটারদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF