আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া প্রার্থনার পাশাপাশি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে ভোট চান।
গণসংযোগকালে সারজিস আলম বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে পূর্বনির্ধারিত তথাকথিত হেভিওয়েট নেতাদের যে কনসেপ্ট ছিল, তা আর এই বাংলাদেশে টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের যেসব হেভিওয়েট নেতা নিজেদের অপরাজেয় ভাবতেন, এবার জনগণ তাদের ভূমিধস পতন দেখাবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে মানুষের ঘরে ঘরে একটি পরিবর্তনের বার্তা পৌঁছে গেছে। সাধারণ মানুষ এখন পরিবর্তনের জন্য মুখিয়ে আছে এবং জুলুমের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত।
চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য এবং হুমকি-ধামকির রাজনীতির বিরুদ্ধে জনগণ এবার রায় দেবে বলেও মন্তব্য করেন তিনি। সারজিস বলেন, যারা দীর্ঘদিন ধরে জনগণের ওপর জুলুম চালিয়েছে, তারা এখন নিজেদের পরিবর্তিত রূপে উপস্থাপন করার চেষ্টা করছে, কিন্তু মানুষ তাদের প্রকৃত চরিত্র চিনে ফেলেছে।
তিনি আরও দাবি করেন, শুধু পঞ্চগড়-১ আসন নয়, সারা দেশেই ১০ দলীয় জোট ইনসাফ, ন্যায় ও সাধারণ মানুষের পক্ষে বিজয় অর্জন করবে এবং আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।