Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ সময় পর চট্টগ্রামে সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে আসেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রাম মহানগর ও বিভাগের শীর্ষ নেতারা। দীর্ঘদিন পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরসহ আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার রাতে তিনি চট্টগ্রামে অবস্থান করবেন। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা শেষে বিকেলে চট্টগ্রাম ত্যাগ করবেন তিনি।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, একই দিনে বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠ, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠেও আরেকটি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরবেন।

উল্লেখ্য, সবশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফরে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে বিএনপি চেয়ারম্যান হিসেবে এই সফরকে তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দলীয় নেতারা।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF