Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : কেরানীগঞ্জে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি, ঢামেকে চিকিৎসাধীন

কেরানীগঞ্জে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি, ঢামেকে চিকিৎসাধীন

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশেই এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের আঁধারে মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ করে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

পরে রাত পৌনে এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর হাসপাতালে গিয়ে আহত নেতাকে দেখতে যান ঢাকা-০২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। যারা নির্বাচনী প্রক্রিয়া চায় না, তারাই এমন সহিংস ঘটনার সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, আহত নেতার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF