Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস: নির্বাচনে জামায়াতের উত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ

মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস: নির্বাচনে জামায়াতের উত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ

যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ফাঁস হওয়া ওই অডিওতে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির উত্থান এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনার কথা উঠে এসেছে।

অডিওতে ঢাকাভিত্তিক ওই কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ ধীরে ধীরে ইসলামপন্থার দিকে ঝুঁকছে এবং আসন্ন নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসন পেতে পারে। এমন পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেন তিনি।

এছাড়া তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, ছাত্রশিবিরের নেতাদের টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো সম্ভব কি না।

কূটনীতিকের বক্তব্য অনুযায়ী, জামায়াতে ইসলামী শরীয়াহ আইন চালু করবে না বলেই তার ধারণা। তবে যদি কখনো শরীয়াহ আইন চালু করা হয় এবং নারীদের কর্মঘণ্টা সীমিত করা হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার বন্ধ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তার ভাষায়, “অর্ডার না থাকলে বাংলাদেশের অর্থনীতিও বড় সংকটে পড়বে।” একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বিষয়টি তুলে ধরার কথাও বলেন।

অডিওতে পোশাক শিল্পের ওপর শুল্ক আরোপের বিষয়েও আলোচনা করতে শোনা যায় তাকে।

বিষয়টি নিয়ে ওয়াশিংটন পোস্ট যোগাযোগ করলে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মোনিকা শিই আলোচনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, গত ডিসেম্বরে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এই আলোচনা হয়েছিল, যেখানে সাংবাদিকদের সঙ্গে দূতাবাস কর্মকর্তারা মতবিনিময় করেন। তবে এসব আলোচনা সাধারণত প্রকাশ করা হয় না।

তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে নির্বাচিত যে সরকারই আসুক, তার সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর মুখপাত্র মোহাম্মদ রহমান জানান, কূটনৈতিক বৈঠকের বিষয় সাধারণত প্রকাশ করা হয় না। তবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ওয়াশিংটনে চার দফা এবং ঢাকায় একাধিকবার জামায়াত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে।

এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রেয়ারের সঙ্গেও ভার্চুয়ালি বৈঠক করেছে জামায়াত।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF