বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ঢাকা-১১ আসনে আয়োজিত গণমিছিলে অংশ নেন। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে ১০ দলীয় জোটের নির্বাচনী কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এবারের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, বরং ইনসাফ প্রতিষ্ঠা ও ক্ষমতার কাঠামোতে মৌলিক পরিবর্তনের নির্বাচন। তিনি বলেন, এক শাসকের জায়গায় আরেক শাসক বা এক চাঁদাবাজের জায়গায় আরেক চাঁদাবাজ বসানোর জন্য মানুষ ত্যাগ স্বীকার করেনি।
তিনি আরও জানান, এবারের নির্বাচনের মূল লক্ষ্য হবে রাষ্ট্রীয় সংস্কার এবং দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। প্রকৃত দেশপ্রেমিক ও সৎ নেতৃত্বকে সংসদে পাঠানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়াও, ঢাকা-১১ আসনের স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধান এবং চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি দেন।
Ekhoni News.