ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতে নারীর শীর্ষ নেতৃত্ব কোরআনসম্মত নয়: নূরনেসা সিদ্দিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 40
জামায়াতে নারীর শীর্ষ নেতৃত্ব কোরআনসম্মত নয়: নূরনেসা সিদ্দিকা ছবির ক্যাপশন : নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত নেত্রীরা
ad728

জামায়াতে ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরনেসা সিদ্দিকা জানিয়েছেন, দলের আদর্শ অনুযায়ী নারীদের শীর্ষ নেতৃত্বে না আসার বিষয়টি মেনেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। তার ভাষায়, নারী নেতৃত্ব নয়—বরং নারীর প্রকৃত ক্ষমতায়নই বেশি গুরুত্বপূর্ণ।

রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় নারী বিভাগের পলিটিকাল অ্যাফেয়ার্স দায়িত্বপ্রাপ্ত ডা. হাবিবা চৌধুরী অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, এসব বিষয়ে লিখিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তারা চান আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।

তিনি আরও বলেন, নারী কর্মীদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে। জামায়াত নারীদের মর্যাদা দেয় এবং সমাজের সব স্তরে সেই সম্মান প্রতিষ্ঠা করতে চায়। কিছু গোষ্ঠী তাদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট বলেও দাবি করেন তিনি। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।

ডা. হাবিবা চৌধুরী বলেন, দল নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে নয়। তবে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে কোনো নারী প্রার্থী দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও নারী কর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, প্রচারণায় গেলে নারী কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি তাদের হিজাব-নেকাব খুলে দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। তার মতে, এ ধরনের পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে