আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখের এই রাত মুসলমানদের কাছে ক্ষমা, রহমত ও মুক্তির রাত হিসেবে বিশেষ মর্যাদা বহন করে।
ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার এবং দোয়া-মোনাজাতে আত্মনিয়োগ করেন। অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতে মানুষের ভাগ্য নির্ধারণ, হায়াত ও রিজিক সংক্রান্ত সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাতটি পালন করেন। অনেকে মৃত স্বজনদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরেই আসে মাহে রমজান। তাই এই রাত থেকেই অনেকেই রমজানের প্রস্তুতি শুরু করেন, যাতে ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায়।
Ekhoni News