গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, চলতি বছর গোপালগঞ্জে একাধিক সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের সামনে এবং ৩০ জানুয়ারি আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ড এলাকায় একই ধরনের ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
Ekhoni News