নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা। রোববার সকাল ৮টা থেকে কর্মসূচি শুরু হলে বন্দরের অভ্যন্তরে সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শ্রমিক নেতাদের অভিযোগ, আন্দোলন দুর্বল করতে কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। একই দাবিতে এর আগেও টানা ছয় দিনের কর্মবিরতি পালন করা হয়েছিল। পরে নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে দুই দিন কাজ চালু থাকলেও দাবি পূরণ না হওয়ায় আবার নতুন করে কর্মসূচিতে ফিরেছেন শ্রমিকরা।
টানা কর্মবিরতির ফলে বন্দরে কন্টেইনার ও জাহাজ জট ক্রমেই বাড়ছে। খালাস কার্যক্রম বন্ধ থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ছে এবং ক্ষতির আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।
শ্রমিকদের মূল দাবির মধ্যে রয়েছে— নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া।
পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Ekhoni News