ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, রাজনৈতিক প্রভাব বা পেশিশক্তির বিরুদ্ধে টিকে থাকার সবচেয়ে কার্যকর উপায় হলো অন্যায়ের ঘটনাগুলোকে জনসম্মুখে নথিভুক্ত করা। তিনি মনে করেন, রাজনৈতিক অন্যায়ের মূল্য বাড়িয়ে দেওয়াই প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী কৌশল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন। সেখানে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সবসময় শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না; বরং প্রয়োজন তথ্যকে এমনভাবে তুলে ধরা যাতে তা জনচাপ তৈরি করে।
তার ভাষায়, যারা প্রভাব খাটাতে অভ্যস্ত তারা সবচেয়ে বেশি ভয় পায় জনসমক্ষে সত্য প্রকাশকে। কোনো ঘটনা নির্ভুলভাবে নথিবদ্ধ করে জনগণের সামনে তুলে ধরলে রাজনৈতিক দলগুলো নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্যই সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়।
তাসনিম জারা দাবি করেন, এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য তার কাছে দুটি গুরুত্বপূর্ণ শক্তি রয়েছে। প্রথমত, প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনার বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত, প্রচলিত গণমাধ্যমের বাইরে থেকেও দ্রুত বিপুল মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার মতো একটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম তার রয়েছে।
তিনি আরও বলেন, অন্যায়ের ঘটনাগুলোকে নিয়মিতভাবে পাবলিক রেকর্ডে পরিণত করা গেলে সামাজিক চাপ তৈরি হয়, যা কোনো রাজনৈতিক শক্তির পক্ষেই উপেক্ষা করা সম্ভব নয়। তার মতে, ইতিহাস প্রমাণ করে তথ্য ও জনমতের শক্তি শেষ পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী।
Ekhoni News