ময়মনসিংহের ত্রিশালে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘অলিম্পিক ভিলেজ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। সফরের শুরুতে তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এতে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অসামরিক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা, নিরপেক্ষ আচরণ করা এবং জনগণের সঙ্গে ধৈর্যশীল ও নাগরিকবান্ধব আচরণ করার নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই দায়িত্ব পালনের মূল ভিত্তি।
এরপর ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এই প্রকল্প দেশের ক্রীড়াঙ্গনে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে সহায়ক হবে।
Ekhoni News